Logo

ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, ঝুঁকিতে যেসব অঞ্চল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২১:০৬
ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, ঝুঁকিতে যেসব অঞ্চল
ছবি: সংগৃহীত

দেশের আকাশে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক বার্তায় বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি জানায়, ‘বৃষ্টিবলয় গর্জন’ নামে পরিচিত এই আবহাওয়াগত পরিস্থিতি আগামী ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এরই মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় এর প্রভাবে বজ্রবৃষ্টি দেখা গেছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে অনেক জায়গায়।

বিজ্ঞাপন

আবহাওয়ার এই পরিস্থিতির পেছনে রয়েছে ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে সৃষ্ট শক্তিশালী বজ্রমেঘ, যা পশ্চিমবঙ্গ হয়ে ক্রমশ শক্তিশালী কালবৈশাখীতে রূপ নিতে পারে। পরে রাতের দিকে এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করে দেশের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে বিশেষ করে রাতের বেলায় নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির লক্ষণ দেখা দিলে নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকারি সংস্থা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও একই ধরনের পূর্বাভাস দিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) থেকে ধীরে ধীরে আবহাওয়ার এই অস্থিরতা কিছুটা কমতে পারে। তবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় তখনও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে।

শনিবার ও রোববারে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও কমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, যদিও কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD