Logo

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১১:৪৭
দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে এই বৈরী আবহাওয়া অতিক্রম করতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সার্বিক আবহাওয়া পরিস্থিতি এবং নৌযান ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ১৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার সময় অপ্রয়োজনে নদীপথে চলাচল না করার পরামর্শও দেওয়া হয়েছে, যাতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD