ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

টানা পঞ্চম দিনের মতো রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অব্যাহত বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর শেখ সালমান।
জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। কোথাও কোথাও বসতবাড়ি ও সড়কের ওপর পাহাড়ধস নামায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি স্কুল ও কলেজের মাঠ ও ভবনেও পানি ঢুকে পড়েছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
অন্যদিকে, টানা বর্ষণে পাহাড়ি ঢল নেমে জেলার নদ-নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে বাঘাইছড়ি-দীঘিনালা এবং লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকা এবং পৌরসভার উগলছড়ি সড়কও প্লাবিত হওয়ায় ওইসব এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে।








