Logo

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ২২:৫৮
19Shares
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

বিজ্ঞাপন

রবিউল ইসলাম হৃদয়: কুষ্টিয়া সরকারি কলেজের পিছনের গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজ মাঠের পিছনের পকেট গেটে এ হামলার ঘটনা ঘটে। আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও তার সমর্থকদের অভিযোগ, কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে ছাত্রদলের আধিপত্যের প্রতিবাদ করার কারণে দীর্ঘদিন ধরে আফ্রিদীকে লক্ষ্য করে অপতৎপরতা চালাচ্ছিল ছাত্রদলের কিছু নেতাকর্মী। একমাস আগে হোস্টেলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সময় সাধারণ শিক্ষার্থীদের অনশনের নেতৃত্ব দেওয়ায় তাকে টার্গেট করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় কলেজ মাঠের পিছনে তাকে একা পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বেধড়ক মারধর করে।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন, “হোস্টেলে মব সৃষ্টির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা রাখার কারণেই আজকের এই হামলা হয়েছে।”

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, “আফ্রিদীর মাথা ও বুকে গুরুতর আঘাত রয়েছে। সিটিস্ক্যান করার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত বলা যাবে।”

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, “এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করে না।”

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “আমি বর্তমানে হাসপাতালে আছি। আহতের সাথে কথা বলছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD