Logo

হামলায় গুরুতর আহত সেই বিএনপি নেতার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯
হামলায় গুরুতর আহত সেই বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত রমিজ উদ্দিন (৫০) বুড়িচং উপজেলার রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং রাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, রমিজ উদ্দিনের মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং শনিবার দুপুরে তা নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পরিবারের অভিযোগ অনুযায়ী, গত সোমবার রমিজ উদ্দিন স্থানীয় বাজারের একটি চা দোকানে বসে ছিলেন। এ সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে তারা এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

বিজ্ঞাপন

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযানে নেমে প্রধান অভিযুক্ত মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ওসি লুৎফুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD