Logo

যৌথ বাহিনীর অভিযানে উখিয়ায় ১,৫০০ রোহিঙ্গা আটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮
যৌথ বাহিনীর অভিযানে উখিয়ায় ১,৫০০ রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত এক হাজার পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়। যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা থেকেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্পের ভেতরে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া আছে। কিন্তু অনেকেই সেই নিয়ম অমান্য করে স্থানীয় বাসিন্দাদের জমিতে অবস্থান করছে, যা এলাকার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

আটক রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে একত্র করা হচ্ছে। পরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

যৌথ বাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, সবাইকে আটক করার পর যাচাই-বাছাই করা হবে—কেন তারা নির্ধারিত ক্যাম্প এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিল এবং নির্বাচনকে ঘিরে তাদের কোনোভাবে ব্যবহার করা হচ্ছে কি না। এসব বিষয় পর্যালোচনা শেষে প্রশাসনের মাধ্যমে তাদের ক্যাম্পে পাঠানো হবে।

এদিকে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি ও আশপাশের এলাকায় একাধিক অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে পুনরায় ক্যাম্পে পাঠানো হয়েছিল।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD