দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন ট্রাকের প্রার্থী

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে নির্বাচনী চিত্রে হঠাৎ বড় পরিবর্তন এসেছে। এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন। জনসভায় বিন ইয়ামিন মোল্লা প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর প্রতি তাঁর পূর্ণ সমর্থনের কথা জানান।
আরও পড়ুন: ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা
ওই জনসভায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে পরিচিত বিন ইয়ামিন মোল্লাও সভায় অংশ নেন।
বিজ্ঞাপন
বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করেই তিনি জামায়াত প্রার্থীকে সমর্থন দিতে এসেছেন। তিনি নির্বাচিত হলে জনগণের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের আহ্বানও জানান।
জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই জনসভায় প্রধান আলোচনায় ছিলেন প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিন ইয়ামিন মোল্লার আকস্মিক এই সিদ্ধান্তে কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকেরা।








