ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা!

ময়মনসিংহের নান্দাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচ নেতা। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, উবায়দুল্লাহ মাসুম এক বছর আগে নান্দাইলের বাকচান্দা ফাজিল মাদরাসায় মাধ্যমিক পর্যায়ে আরবি বিষয়ক শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি মাদরাসার পাশেই সিদলা ইউনিয়নের জামায়াতের আমির। এবার তিনি পোলিং অফিসারের দায়িত্বে প্রশিক্ষণ নিয়েছেন।
এর পাশাপাশি তার নিজ মাদরাসার আরও চারজন শিক্ষক ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে মাওলানা নজরুল ইসলাম, যিনি উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। শিক্ষক মো. ইয়ার হোসেন উপজেলা জামায়াতের রুকনে রয়েছেন এবং তিনিও ভোটগ্রহণের দায়িত্বে আছেন।
বিজ্ঞাপন
এছাড়া মো. আশরাফ আলী এবং মো. জিয়াউল হকও যথাক্রমে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে সিদলা ইউনিয়নের জামায়াত আমির উবায়দুল্লাহ মাসুম জানান, “আমি ভারপ্রাপ্ত সভাপতি এবং শিক্ষক হিসেবে মাদরাসা থেকে নাম পাঠানোর পর পোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।”
বিজ্ঞাপন
নান্দাইল উপজেলা বাকচান্দা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ বলেন, “প্রতিষ্ঠান থেকে সব শিক্ষকের নাম পাঠানো হয়েছে; এখানে কে কোন দল করেন তা আমাদের জানা নেই।”
নান্দাইল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।








