শেষ মুহূর্তে ভোটের মাঠ ছাড়লেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন। তিনি নিরাপত্তাজনিত উদ্বেগ ও অনুকূল নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কাজী খাইরুজ্জামান শিপন বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা বিদেশি নম্বর ব্যবহার করে তাকে এবং তার অনুসারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে তিনি এবং তার নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষতির মুখে পড়তে পারেন। এ অবস্থায় নির্বাচনে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শিপন আরও অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসনে এখনো সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। তার দাবি, মোরেলগঞ্জ ও শরণখোলা এলাকায় সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই। এসব কারণেই তিনি জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তার অনুসারী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা!
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন কাজী খাইরুজ্জামান শিপন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।








