দাঁড়িপাল্লার পক্ষে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজশাহীর বাগমারা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের ঘটনায় বহিষ্কৃত নেতার নাম মোস্তাফিজুর রহমান মিলন।
বিজ্ঞাপন
তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে মোস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজশাহী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বারীর সমর্থনে একটি পোস্ট দেন। এর আগের দিনও তিনি জামায়াত প্রার্থীর একটি নির্বাচনী জনসভার ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন—‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’
বিজ্ঞাপন
নিজ দলের অবস্থানের বাইরে গিয়ে প্রকাশ্যে অন্য রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়াকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের নীতিমালা অনুযায়ী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বহিষ্কৃত নেতা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বহিষ্কারের সিদ্ধান্তে তার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না। তবে তিনি দাবি করেন, বহিষ্কারাদেশে তার সাংগঠনিক নাম ‘মিলন পারভেজ’-এর পরিবর্তে তার ফেসবুক আইডিতে ব্যবহৃত নাম উল্লেখ করা হয়েছে। তিনি এটিকে তার ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন।








