বগুড়া-৫ আসনে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোট, ফলাফলের অপেক্ষা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষসহ নানা বয়সী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে অনেকের মাঝেই ছিল স্বস্তি ও আনন্দের ছাপ।
বিজ্ঞাপন
সকালের সূর্য ওঠার আগেই ভোটাররা কেন্দ্রের পথে যাত্রা শুরু করেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ৭টা থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেককে ফজরের নামাজ আদায় শেষে সরাসরি ভোট দিতে এসে লাইনে দাঁড়াতে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রের সামনে জমে ওঠে প্রাণবন্ত পরিবেশ।
সকাল ৯টায় ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তার সঙ্গে ছিলেন পুত্র আসিফ সিরাজ রব্বানী, স্ত্রী ও পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
ভোট প্রদান শেষে তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে কতটা আগ্রহী। আশা করি জনগণ তাদের রায় সুষ্ঠুভাবে প্রকাশ করবে।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. দবিবুর রহমান সকাল ৮টায় খামারকান্দি ইউনিয়নের শুভগাছা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে তিনি সাংবাদিকদের জানান, দলীয় নির্দেশনার কারণে তিনি কোনো মন্তব্য করবেন না।
বিজ্ঞাপন
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪৯ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।








