ফরিদপুর-২: ১৯ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের ১৯টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
ফলাফলে দেখা গেছে, ১৯টি কেন্দ্রের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছেন শামা ওবায়েদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী মাত্র ৩টি কেন্দ্রে এগিয়ে আছেন। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান বর্তমানে ৭ হাজারের বেশি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে শামা ওবায়েদ পেয়েছেন ২১ হাজার ১৩৬ ভোট। বিপরীতে শাহ আকরাম আলীর ভোটের সংখ্যা ১৩ হাজার ৬৪৫। অর্থাৎ শামা ওবায়েদ তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ হাজার ৪৯১ ভোটে এগিয়ে রয়েছেন।
শামা ওবায়েদ পারিবারিক ঐতিহ্য বজায় রেখে নিজের অবস্থান শক্তিশালী করছেন। তার বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির সাবেক মহাসচিব ছিলেন এবং চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, শামা ওবায়েদ নিজস্ব কেন্দ্র হিসেবে পরিচিত নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। একই কেন্দ্রে শাহ আকরাম আলীর ভোট মাত্র ৩৭১। অন্যদিকে সালথা উপজেলার বাহিরদিয়া মাদ্রাসায় শাহ আকরাম আলী ২ হাজার ৫০০ ভোট পেয়েছেন, সেখানে ধানের শীষ প্রতীকের ভোট পড়েছে মাত্র ২২৫টি।
এর আগে শামা ওবায়েদ ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে তিনি শুরু থেকেই শক্ত অবস্থান তৈরি করেছেন। যদিও কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী বড় ব্যবধানে ভোট পেয়েছেন, তবুও অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের জয়জয়কার লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাকি কেন্দ্রগুলোর ফলাফল যাচাই-বাছাই করা হচ্ছে। নির্বাচনী এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের তথ্য আসার অপেক্ষায় রয়েছেন সাধারণ ভোটার ও প্রার্থীর সমর্থকরা।








