খাগড়াছড়িতে বিএনপির জয়: জেলাবাসীর প্রত্যাশা মন্ত্রীসভায় ওয়াদুদ ভূইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসনে জাতীয়তাবাদী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। তিনি মোট ১,৫১০৪০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যেতি চাকমাকে ৮২৭২৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
বিজ্ঞাপন
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঘোড়া প্রতীকে ধর্ম জ্যেতি চাকমা পান ৬৮৩১৫ ভোট, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পান ৫৮৫৪৫ ভোট এবং বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী সমিরন দেওয়ান ফুটবল প্রতীকে পান ৪৭৯১০ ভোট।
বিজয়ের পর আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, “এই বিজয় শুধু আমার নয়, বরং সমগ্র জেলাবাসীর বিজয়।” তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিজয় মিছিল না করতে নেতাকর্মীদের অনুরোধ জানান। কলাবাগানস্থ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সাধারণ ভোটারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা অনেক কষ্ট করে ভোট দিয়েছেন, তাই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে প্রথম অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
বিজ্ঞাপন
তার বাসভবনে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানাতে ভিড় করেন। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা প্রতিপক্ষের প্রতি কোনো রাগ বা ক্ষোভ না দেখিয়ে সবাইকে সঙ্গে নিয়ে খাগড়াছড়িকে স্থায়ী শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, আব্দুল ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য ছিলেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে জেলায় দৃশ্যমান নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়। তবে দীর্ঘ সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি নানা নির্যাতন-নিপীড়নের শিকার হন, যার ফলে তিনি ত্যাগী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
বিজ্ঞাপন
খাগড়াছড়ির সুশীল সমাজের মতে, তার অভিজ্ঞতা ও ত্যাগের কারণে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার যোগ্য। তারা বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান, যেন আব্দুল ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করে খাগড়াছড়ি জেলাকে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরও শক্তভাবে যুক্ত করা হয়।








