বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের কচুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করে বলেন, এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিল। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তার ভাইয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।
আরও পড়ুন: ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বিজ্ঞাপন
সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এ দুই প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে আসনটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।








