ইউএনওর হস্তক্ষেপে লেবুর দাম হঠাৎ কমে দাঁড়ালো ৪০ টাকা

সুনামগঞ্জের দিরাই উপজেলার মধ্যবাজারে বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউএনও সনজীব সরকারের হস্তক্ষেপে ১২০ টাকার লেবুর দাম হঠাৎ কমে দাঁড়ালো ৪০ টাকায়। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে পরিচালিত এই অভিযান সাধারণ ক্রেতাদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।
বিজ্ঞাপন
মৌলিক অনুসন্ধানে জানা গেছে, দিরাই উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী লেবুসহ নিত্যপণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করছিলেন।
স্থানীয় ক্রেতারা অভিযোগ করেছেন, আগে যেখানে এক হালি লেবু ১২০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে কম দামে কেনার জন্য অনুরোধ করলেও দোকানদাররা কোনো ছাড় দিচ্ছিলেন না।
বিজ্ঞাপন
এদিন ইউএনও বাজারে পৌঁছালে ব্যবসায়ীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ দাম কমিয়ে দেন। সাধারণ ক্রেতারা কম দামে লেবু কিনতে দোকানে ভিড় করেন।
স্থানীয় ক্রেতা মুজিবুর রহমান বলেন, গতকাল দুইটা লেবু কিনেছিলাম ৫০ টাকায়, কমাতে চাইলেও এক টাকাও ছাড় দেননি। আজ ইউএনও এসে দাম কমেছে, অনেক সহজ হলো।
অন্য ক্রেতা মুসলেম উদ্দিন ও রুবেল আহমদ অভিযোগ করেছেন, ইউএনও অভিযান শুরু করার আগ পর্যন্ত এক হালি লেবু ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।
বিজ্ঞাপন
পাবেল আহমদ জানান, অভিযান শুরু হওয়ার ১৫ মিনিট আগে আমি সেই দোকান থেকে ১২০ টাকায় লেবু কিনেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দাম আদায় করা যাবে না। জনস্বার্থ রক্ষা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে যেন তারা ক্রেতাদের সঙ্গে অন্যায় ব্যবসা না করে।
বিজ্ঞাপন
এই কার্যক্রমে স্পষ্ট হয়ে উঠেছে, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপই বাজারে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। রমজানের সময় ক্রেতাদের ন্যায্য দামের পণ্য নিশ্চিত করতে দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মতো পদক্ষেপগুলো অব্যাহত থাকবে।








