Logo

দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৪
দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামের নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বাড়িতে আয়োজন করে তিনি দুধ দিয়ে গোসল করেন এবং তওবার মাধ্যমে আর কোনো বিয়ে না করার প্রতিশ্রুতি দেন।

আনোয়ারের নিজস্ব উদ্যোগে অনুষ্ঠানটি বিয়ের মতো সাজানো হয়েছিল। বাড়ির গেট ও প্যান্ডেল সাজানো হয়, অতিথি ও এলাকার লোকদের বসার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে তিনটি ছাগল কোরবানি দিয়ে এলাকার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তাকে গায়ে হলুদ মাখানো হয় এবং এরপর দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া হয়।

বিজ্ঞাপন

আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজের সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ে হলেও ২০১৯ সালে প্রথম স্ত্রী নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে ভুল নম্বরে ফোনের মাধ্যমে রংপুরের এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং দ্বিতীয়বার বিয়ে করলেও সংসার টেকেনি। তৃতীয়বারও একইভাবে সম্পর্ক ভেঙে যায়। বারবার দাম্পত্য জীবনের ব্যর্থতা দেখে তিনি সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনোদিন বিয়ে করবেন না এবং নারীদের প্রতি আসক্ত হবেন না।

আনোয়ার আরও জানান, আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে এখন সেই অবৈধ কাজও তিনি ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও আজীবন বিয়ে না করার শপথের খবর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু করেছে। অনেকেই তাকে সাহসী সিদ্ধান্তের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে অস্বাভাবিক মনে করছেন।

উল্লেখ্য, এই ধরনের নিজস্ব উদ্যোগ ও সামাজিক শপথের আয়োজন এলাকায় দৃষ্টিকটু এক ঘটনা হিসেবে সংবাদে এসেছে, যা মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD