চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমানের মৃত্যু

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর উপজেলা পর্যায়ের সাবেক নেতা এবং চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
নিহতের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “মৃত্যুর বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।”








