Logo

বিয়ে বাড়িতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ, আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৫
বিয়ে বাড়িতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ, আহত ৩
ছবি: সংগৃহীত

চাঁদপুর-এর মতলব উত্তর উপজেলা-য় বিয়ে বাড়িতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ‘কিশোর গ্যাং’-এর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাস-এর বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে শম্ভু নাথ বিশ্বাসের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার মহন (২৫), আরমান (১৮) ও জিসান (১৮)সহ কয়েকজন এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে।

পরিস্থিতি সামাল দিতে বরপক্ষ তিন হাজার টাকা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এতে আহত হন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও ব্রিজন রানী (৪৫)। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করেন, হামলাকারীরা তার ও তার ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় টেবিল-চেয়ার ভাঙচুর এবং আশপাশের বাড়িঘরেও হামলা চালানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, আমরা তারাবির নামাজে থাকাকালে ঘটনা ঘটে। পরে পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD