মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এই ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, একইসঙ্গে এলাকায়ও বিরাজ করছে গভীর শোক ও আতঙ্ক।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) এবং হাইয়ার পার গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান (২০)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে পৃথক স্থানে এই দুই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর প্রায় দুইটার দিকে রিজন তার বাড়ির পাশের বসাউল্লা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে সে মারা যায়। তার সঙ্গে মাঠে আরও ৭-৮ জন কিশোর উপস্থিত থাকলেও তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
বিজ্ঞাপন
রিজনের প্রতিবেশী সিফাত জানান, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রপাত শুরু হয়। এর মধ্যেই একটি বজ্রপাত সরাসরি মাঠে আঘাত হানে, এতে রিজন ঘটনাস্থলেই মারা যায়। এ দৃশ্য দেখে অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়ে।
অন্যদিকে, একই সময়ে হাইয়ার পার এলাকায় শ্মশানের পাশ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয় আরাফাত খান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতরভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বিজ্ঞাপন
আরাফাতের প্রতিবেশী শামীম মোল্লা বলেন, গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আকস্মিক হওয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।
ঘটনার বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ডাবলু জানান, পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে না যাওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন








