ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ নারী আহত

রাঙ্গামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংশ্লিষ্ট এক নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ধর্মসিংহ চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। আহতরা হলেন তার বোন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।
স্থানীয় সূত্র জানায়, ভোরে একদল সশস্ত্র ব্যক্তি তার বাড়ির দিকে এগিয়ে এলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন।
বিজ্ঞাপন
কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা জানান, হামলাকারীর সংখ্যা প্রায় ২০ জন হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে নিহতের মরদেহ পড়ে রয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে।
ইউপিডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিপক্ষ সংগঠনের সশস্ত্র সদস্যরা এই হামলা চালিয়েছে। সংগঠনের মুখপাত্র অং মারমা বলেন, নববর্ষ উপলক্ষে ধর্মসিংহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন, সেই সময় ভোরে তাকে গুলি করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, আহত দুই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে গেছেন।
বিজ্ঞাপন
ঘটনার প্রতিবাদে কুতুকছড়ি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। পাশাপাশি রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।








