স্নাতক পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগ আসছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে শিক্ষার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "শিক্ষার মানোন্নয়নে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা— যেমন আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান শেখানোর উদ্যোগ নেওয়া হবে।"
সরকারের সমালোচনা ও সুশাসনের গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ত্রুটি বা ভুল থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ করে দিতে হবে। ব্যক্তিগত সম্পর্কের অবনতি বা স্বার্থগত দ্বন্দ্বের কারণে কোনো রাজনৈতিক সংগঠন বা সরকারকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। তিনি আরও যোগ করেন, সরকারকে সহযোগিতা করা মানেই দেশের জনগণের স্বার্থে কাজ করা।
বিজ্ঞাপন
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জন উপকারভোগীর মাঝে ২৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান সহায়তা এবং ৬৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর।
বিজ্ঞাপন
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র সাংবাদিক এস এম সোহেল।







