যশোরে ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজি: নারী গ্রেপ্তার

যশোরে এক ব্যবসায়ীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও চাঁদাবাজির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম বৃষ্টি, তিনি যশোর শহরের চাঁচড়া বাজার এলাকার ফজলুর রহমানের মেয়ে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় বৃষ্টি এবং একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে স্বাধীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বৃষ্টিকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার কেরালকাতা দরবাসা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের সঙ্গে বৃষ্টির পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকালে বৃষ্টি মোবাইল ফোনে মিজানুরকে যশোরে আসার আমন্ত্রণ জানান। মিজানুর যশোরে পৌঁছালে তাকে স্বাধীনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানো মাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে দেশীয় অস্ত্রের (চাকু) মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগী মিজানুর অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ ৮ হাজার ৮৮০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপাচি মোটরসাইকেলটি কেড়ে নিয়ে তাকে জোরপূর্বক চাঁচড়া মোড় থেকে একটি বাসে তুলে দেওয়া হয়। এ সময় এই ঘটনা কাউকে জানালে তাকে 'ধর্ষণ মামলায়' ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।
বিজ্ঞাপন
বাস থেকে নেমে মিজানুর রহমান দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত বৃষ্টিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাহমুদুল ইসলাম জানান, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ঘটনার সাথে জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীনসহ অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"







