Logo

সখিপুর-মির্জাপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযানে, ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
৪ মার্চ, ২০২৬, ১২:৫১
সখিপুর-মির্জাপুর সীমান্ত এলাকায় যৌথ অভিযানে, ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুর উপজেলা ও মির্জাপুর উপজেলা-র সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা এবং মির্জাপুর উপজেলার তক্তারচালা ও পেকুয়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এবং মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সখিপুরের ইন্নতখার চালা গ্রামের আবুল কালাম আজাদ (৪২), মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭), বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের মিলন মিয়া (২২) এবং বেলতৈল গ্রামের আলামিন মল্লিক (২৪)।

বিজ্ঞাপন

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে সখিপুরের ইন্নতখার চালা এলাকার লাল মাটির টিলা ভেকু মেশিন দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে মির্জাপুরের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জানান, জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD