উঠান বৈঠকে উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেন ব্যারিস্টার জাইমা রহমান

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামে বুধবার (৪ মার্চ) সকালে এক ব্যতিক্রমী উঠান বৈঠকে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি এলাকায় পরিচালিত ব্র্যাক-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রামের একটি উঠান বৈঠকে অংশ নেন তিনি। সেখানে একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচজন উপকারভোগীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নের অগ্রগতি, আয়বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও পরিবর্তনের গল্প তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ-এর কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) কর্মসূচি চরম দরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করে। এ কর্মসূচির আওতায় উপকারভোগীদের গরু, ছাগল, হাঁস-মুরগি কিংবা ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিনামূল্যে প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মডেলটি দারিদ্র্য বিমোচনে কার্যকর হিসেবে বিবেচিত।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকার জানান, ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে তাদের সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিমত, মাঠপর্যায়ে এমন সরাসরি পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে সংলাপ দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








