Logo

নলছিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই

profile picture
উপজেলা প্রতিনিধি
নলছিটি, ঝালকাঠি
৪ মার্চ, ২০২৬, ১২:৩১
নলছিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলা-এ গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনের তীব্রতায় দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কসংলগ্ন সারিবদ্ধ দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, প্রথমে ‘রাজিব স্টোর’ নামের একটি মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র দাহ্যতার কারণে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি দোকানের সব মালামাল পুড়ে যায়।

বিজ্ঞাপন

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি মুদি দোকান এবং পাঁচটি চায়ের স্টল ছিল বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের ভেতরে থাকা পণ্য, আসবাব ও নগদ অর্থসহ সবকিছুই আগুনে নষ্ট হয়েছে। এতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রাজিব স্টোরের মালিক রাজিব হোসেন বলেন, “রমজান সামনে রেখে দোকানে বাড়তি মাল তুলেছিলাম। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আগুন কীভাবে লাগলো বুঝতে পারছি না। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো জানি না।” কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD