দোহারে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, বিপুল জাল জব্দ

ঢাকার দোহার উপজেলা-এ পদ্মা নদী-তে অবৈধভাবে স্থাপন করা ইলিশ ও জাটকা ধরার একাধিক বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেঘুলা, নারিশা, মুকসুদপুর ও বিলাসপুর এলাকার নদী অংশে আড়াআড়িভাবে বাঁশ ও অবৈধ জাল দিয়ে তৈরি তিনটি বড় বাঁধ ভেঙে ফেলা হয়। অভিযানের খবর পেয়ে অনেক জেলে জাল ফেলে নৌকাযোগে দ্রুত সরে পড়েন।
অভিযান চলাকালে নদী থেকে কয়েকটি বাঁধ অপসারণের পাশাপাশি দুটি কোনা বেড় জাল এবং প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল মৈনটঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ৬০ কেজি জাটকা উদ্ধার করে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং দেশীয় মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার ও নদীতে বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের সময় কয়েকজনকে সতর্ক করে পুনরায় অবৈধ বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।








