নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জিনি সরকার।
স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবা-মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই বৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








