কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি অফিসে গুলি ও ককটেল নিক্ষেপ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর কার্যালয়ের সামনে দফায় দফায় গুলি ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুকুর আলী নামে এক চা দোকানি আহত হয়েছেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির উজ্জ্বল ও গিয়াস মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে উজ্জ্বল গ্রুপের একটি দোকান ভাঙচুর, ট্রাকে অগ্নিসংযোগ এবং গুলি বর্ষণের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত
শনিবার রাতে এই বিরোধ মীমাংসার জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে দুই পক্ষের বৈঠকের কথা ছিল। রাত ৯টার আগেই উজ্জ্বল গ্রুপের লোকজন ওই কার্যালয়ে এসে উপস্থিত হন এবং গিয়াস মুন্সির লোকজনের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় রাত ৯টার দিকে কয়েকজন মুখোশ ও হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে কার্যালয় লক্ষ্য করে অন্তত ১৫ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। হামলার সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় চা দোকানদার শুকুর আলী আহত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মসজিদের পাশে গোপন ট্যাংকে তেলের কারসাজি
ঘটনার সময় উপজেলা বিএনপির আহ্বায়ক তোহিদুল ইসলাম আলম মালিথা ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন। তিনি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, “দুর্বৃত্তরা যে দলেরই হোক, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








