ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধি সম্ভব — ডা. মোসলেহ উদ্দীন ফরিদ
বিজ্ঞাপন
"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, "নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।" তিনি আরও যোগ করেন, নিজেদের অধিকার আদায়ে নারীদের আগে নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন ও আত্মপ্রত্যয়ী হওয়ার বিকল্প নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী নাসরিন আক্তার ফরিদ।
বিজ্ঞাপন
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান ও আরমিন জাহান।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের তহমিনা খাতুন ও রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা রেশমা খাতুন, রাবেয়া খাতুন এবং অদম্য নারী শারমিন জাহানকে তাদের কর্মদক্ষতার জন্য অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। ছাত্র প্রতিনিধি আঁখি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।








