কমলগঞ্জে ভোরে নারী অপহরণের চেষ্টা ব্যর্থ, দুর্বৃত্তরা পালিয়ে গেছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভোরে এক কর্মজীবী নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়দের উপস্থিতি ও ভুক্তভোগীর চিৎকারে অপহরণচেষ্টা ব্যর্থ হয়।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভোরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বটতলা বাজারে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেট কার বাজার এলাকায় কয়েকবার ঘোরাফেরা করছিল। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে গাড়িতে উঠতে প্রস্তাব দেয়, যা তিনি প্রত্যাখ্যান করেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে বাজারে মানুষের সংখ্যা কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই গাড়িটি আবার তার সামনে আসে। গাড়ি থেকে নেমে এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। ভুক্তভোগী প্রাণপণ চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে।
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে।








