সম্পত্তির জন্য পিতাকে পিটিয়ে হত্যা করলো দুই ছেলে

কক্সবাজারের টেকনাফে সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার জেরে দুই ছেলে মিলে নিজ পিতাকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনা ঘটে সোমবার (৯ মার্চ) রাত ১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। নিহত কালা মিয়া (৭০) ওই এলাকার বাসিন্দা। তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নেওয়ার জন্য বাবার সঙ্গে বারবার বিবাদে জড়িয়ে পড়ত। বড় মেয়ে আগেই বিষয়টি জানিয়েছিলেন এবং আমি ছেলেদের সতর্কও করেছি। তারপরও গত দুই দিন ধরে তারা বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখত। রাতে বেহুঁশ অবস্থায় তাদের পিতা পাওয়া যায়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, হাসপাতালে আনার আগে ওনার মৃত্যু হয়েছে। নিহতদের শরীরের আঘাতের চিহ্ন আছে।
বিজ্ঞাপন
নিহত কালামিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, আমার বাবাকে রবিবার আমার ভাই মনিরুল আলম তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরো দিন আমার বাবাকে খুঁজে পাইনি। রাত ১২ টার দিকে আমার বাবাকে বেহুঁশ অবস্থায় পাই। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাপকে দুই ছেলে মিলে খুন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিজ্ঞাপন








