Logo

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীসহ আহত ১৭

profile picture
জেলা প্রতিনিধি
বান্দরবান
২২ মার্চ, ২০২৬, ১২:০২
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীসহ আহত ১৭
ছবি: সংগৃহীত

বান্দরবানের সুয়ালক এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের কিউবি রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস (যাত্রী প্রায় ৪০-৪৫ জন) বান্দরবানে প্রবেশের মুখে সুয়ালক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—পল্লব দাশ, রিয়াদ, প্রিতম দাশ, চিরঞ্জিৎ সেন, রিমন দাশ, আলামিন, শিফাত মাহমুদ, সোহেল, তার স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস, নাফি রেজওয়ান ও সৌরভ মণ্ডল। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

বাসের এক যাত্রী অভিযোগ করেন, চট্টগ্রাম পার হওয়ার পর থেকেই চালক অসাবধানভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে সতর্কও করেছিলেন। সুয়ালক এলাকায় একটি বাঁক নেওয়ার সময় হয়তো ভুলবশত ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় বাসটি খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান জানান, উদ্ধার অভিযানে আহতদের হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান চৌধুরী জানান, ভোরে প্রায় ২০ জন আহতকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD