ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের আগমনে কক্সবাজার এখন উৎসবমুখর নগরীতে পরিণত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণীসহ সব পয়েন্টে ছিল উপচে পড়া ভিড়।
বিজ্ঞাপন
টানা সাত দিনের ছুটির সুযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকেই কক্সবাজারে ঘুরতে এসেছেন। বালুকাবেলায় তারা উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য ও ছুটির আনন্দ।
নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রকৃতি তাকে সবসময়ই মুগ্ধ করে। ঈদ উদযাপন করতে এবার পরিবার নিয়ে এখানে এসেছেন তিনি এবং আরও দুই দিন থাকার পরিকল্পনার কথা জানান।
বিজ্ঞাপন
পর্যটকদের ব্যাপক আগমনে প্রাণ ফিরেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ও। ব্যস্ত সময় পার করছেন হোটেল, দোকান ও অন্যান্য ব্যবসায়ীরা। বার্মিজ মার্কেটের শুঁটকি ব্যবসায়ী মফিজুর রহমান বলেন, রমজানে ব্যবসা বন্ধ ছিল। ঈদের পর গত দুই দিনে পর্যটক আগমনে বিক্রি বেড়েছে এবং সামনে আরও ভালো সময় আসবে বলে আশা করছেন তিনি।
হোটেল, মোটেল ও রিসোর্টসহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের সব কক্ষই এখন প্রায় পূর্ণ। হোটেল-মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, আগামী ৩০ মার্চ পর্যন্ত অধিকাংশ হোটেলই অগ্রিম বুকিংয়ে ভরা রয়েছে।
তিনি বলেন, ঈদের কারণে পর্যটকের চাপ বেড়েছে। তাই সব হোটেলকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পর্যটন স্পটে সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কক্সবাজারে আসা পর্যটকরা অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সব সেবা দিতে জেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।








