Logo

পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা খুন, গ্রেপ্তার ২

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
২৩ মার্চ, ২০২৬, ১১:৩৮
পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা খুন, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় দুই ছেলের হাতে মন্টু শিকদার (৬২) নামে এক ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠালতলী গ্রামে।

হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে সেদিনই নিহতের আরেক ছেলে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ২১ মার্চ রাতে র‌্যাব-৮ পটুয়াখালী ও র‌্যাব-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ অভিযানে শরীয়তপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি নিহতের দুই ছেলে সোহেল (কাইয়ুম শিকদার) (৩৬) ও নাসির শিকদার (৩৯)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, মন্টু শিকদারের দুইটি সংসার ছিল। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারের সন্তান সোহেল ও নাসিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, সেই বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে গত শুক্রবার দুপুরে বাবার ওপর হামলা চালায় সোহেল ও নাসির। এ সময় লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন মন্টু শিকদার।

নিহতের দ্বিতীয় সংসারের ছেলে রিয়াজ শিকদার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং পরিকল্পনাকারী হিসেবে কুদ্দুস ওরফে গেন্দু হাওলাদারকে মামলায় অন্তর্ভুক্ত করতে চাইলেও তা সম্ভব হয়নি। তার দাবি, অজ্ঞাত কারণে থানার পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, দিনের বেলায় এমন নির্মম হত্যাকাণ্ড মর্মান্তিক। তার দাবি, নিহতের দুই ছেলে ও তাদের সঙ্গে থাকা ভাড়াটে ব্যক্তিরাই হামলায় জড়িত ছিল এবং এ ঘটনায় গেন্দু হাওলাদারের সম্পৃক্ততা রয়েছে।

একই অভিযোগ করেছেন নিহতের ভাই মাসুদ শিকদারও। তিনি বলেন, গেন্দু হাওলাদারকে আসামি করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার দাবি, এই হত্যাকাণ্ডে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD