Logo

জীবননগরে জ্বালানি তেলের হাহাকার, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৪ মার্চ, ২০২৬, ১৪:১৫
জীবননগরে জ্বালানি তেলের হাহাকার, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
ছবি প্রতিনিধি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে দিয়ে ঈদের ছুটি পার করছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি ডিলারদের কাছে পর্যাপ্ত তেল সরবরাহ করতে না পারায় পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ছয়টি পেট্রোল পাম্প থাকলেও কোথাও স্বাভাবিক সরবরাহ নেই। কোনো পাম্পে তেল এলেই শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হচ্ছে তীব্র ভিড়। এতে প্রাইভেটকার, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল ছাড়াই ফিরতে হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, ডিলাররা পর্যাপ্ত তেল পেলেও অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের ভোগান্তিতে ফেলছেন। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাম্পে উপস্থিত থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে তেল নেওয়ার অনুমতি দিচ্ছেন। এতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও ভোগান্তি পুরোপুরি কমেনি।

স্থানীয় সচেতন মহলের ধারণা, এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চালু থাকলে মোটরসাইকেলের অযথা ভিড় কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD