Logo

ঈদের ছুটি শেষে প্রাণ ফিরল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৪ মার্চ, ২০২৬, ১৩:৪৭
ঈদের ছুটি শেষে প্রাণ ফিরল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আবারও সচল হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর এবং ভারতের পেট্রাপোল বন্দর। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ ছুটির কারণে এই সময় বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি ও খালাস কার্যক্রম বন্ধ ছিল। ফলে সরকারের রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ে এবং বন্দরে তৈরি হয় উল্লেখযোগ্য পণ্যজট। তবে কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে সেই জট কমতে শুরু করেছে এবং বন্দরে ফিরেছে কর্মব্যস্ততা।

সকাল থেকেই বন্দর এলাকায় দেখা গেছে চাঞ্চল্যকর পরিবেশ। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্মচারী এবং শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে জমে থাকা পণ্য খালাসে জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটি শেষে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে। দ্রুত পণ্য ছাড় নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

সূত্র অনুযায়ী, এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং প্রায় ২০০ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। এছাড়া রেলপথেও পণ্য আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিন বন্দর থেকে ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়।

এই বিপুল পরিমাণ আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বিজ্ঞাপন

আমদানি পণ্যের তালিকায় রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, শিশু খাদ্য, মাছ, কেমিকেলসহ বিভিন্ন পণ্য। অন্যদিকে রফতানির ক্ষেত্রে পাট ও পাটজাত পণ্য, গার্মেন্টস, কেমিকেল, টিস্যু, মেলামাইন এবং মাছ উল্লেখযোগ্য।

ঈদের ছুটির পর দ্রুত কার্যক্রম চালু হওয়ায় বন্দরকেন্দ্রিক বাণিজ্যে নতুন গতি ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD