ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি

ঢাকার ধামরাই উপজেলা-এ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার সাতটি ফিলিং স্টেশনের অধিকাংশতেই ডিজেল ও অকটেন ফুরিয়ে যাওয়ায় তেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
বর্তমানে কেবল ‘বোরাক’ ও ‘জাহানারা’ নামের দুটি পাম্পে সীমিত পরিমাণ পেট্রোল থাকায় সেখানে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অকটেন ও ডিজেল না থাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির মালিকরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেককে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে দেখা গেছে তেলের সন্ধানে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, পেট্রোল পাওয়ার আশায় ‘বোরাক’ ও ‘জাহানারা’ পাম্পে শত শত মোটরসাইকেল চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই চাহিদামতো তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কেউ কেউ জানান, তেল সংকটের কারণে পাম্পগুলো সীমিত পরিমাণে জ্বালানি দিচ্ছে।
চালকদের একাংশ অভিযোগ করেন, আতঙ্কে অনেকেই অপ্রয়োজনীয়ভাবে ট্যাংক পূর্ণ করতে লাইনে দাঁড়াচ্ছেন, ফলে প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে তেল থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: ঈদ আনন্দে মুখর খানসামা শিশু পার্ক
বিজ্ঞাপন
এদিকে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। মজুদে থাকা শেষ অংশটুকু সরবরাহ করা হচ্ছে। দ্রুত নতুন করে তেলবাহী লরি না এলে পাম্পগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সংশ্লিষ্টরা আশা করছেন, ডিপো থেকে নিয়মিত সরবরাহ শুরু হলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।








