চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান: মাদকসহ ৬ জন গ্রেফতার, ৪ জনের কারাদণ্ড

যশোরের চৌগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল ইস্কাফ (ESkuf) সিরাপ, ১০ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), যশোর। আজ বুধবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
ডিএনসি সূত্রে জানা গেছে, সকাল ৯টায় চৌগাছা পৌরসভার কংশারীপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে হোচেন আলী (৪৬) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতঘর থেকে ৩৫ বোতল ইস্কাফ সিরাপসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় সুখপুকুরিয়া ইউপির পুড়াপাড়া খালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ মো. আক্তার হোসেন (৪৪) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে এই দুই আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
দুপুরে উপজেলার চানপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোমিন (৩৫), মো. নজরুল ইসলাম (৩৫), ইজাজুল বিশ্বাস (৫০) এবং মো. কামরুল ইসলাম (৫৫)।
বিজ্ঞাপন
আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আজই কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এই ধরনের জিরো টলারেন্স অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।








