৯০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি, চলছে উদ্ধারকাজ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস প্রায় ৯০ ফুট গভীরে তলিয়ে গেছে। বাসটির অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হলেও বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানিয়েছেন, বাসটি পানির প্রায় ৯০ ফুট নিচে অবস্থান করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, ঢাকা থেকে অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকিদের এখনো সন্ধান পাওয়া যায়নি।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অধিকাংশ যাত্রী বাসের ভেতরেই আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ভারী বৃষ্টির কারণে কাজে বিঘ্ন ঘটছে।
বিজ্ঞাপন
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত দুইজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, আরও বহু যাত্রী পানির নিচে আটকে থাকতে পারেন।
তিনি আরও জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার পর ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। বাকি যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।








