Logo

বাস দুর্ঘটনা : বাস থেকে উদ্ধার উদ্ধার দুই নারীর হাসপাতালে মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৫ মার্চ, ২০২৬, ২৩:৩৬
বাস দুর্ঘটনা : বাস থেকে উদ্ধার উদ্ধার দুই নারীর হাসপাতালে মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা দুই নারীর মৃত্যু হয়েছে হাসপাতালে। নিহতরা হলেন রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। এছাড়া নুসরাত (২৯) নামে আরও এক নারী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরীফুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিনজন নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং একজন চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ডুবে যাওয়া বাসটির অবস্থান পানির প্রায় ৯০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই পানিতে তলিয়ে যান।

দুর্ঘটনাস্থলে বিরূপ আবহাওয়া, বিশেষ করে ঝড়-বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

জানা গেছে, বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে দৌলতদিয়ায় পৌঁছালে ফেরিতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD