Logo

পদ্মায় বাসডুবি: এখনো পানির নিচে ৪০ জন, ধারণা ফায়ার সার্ভিসের

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৫ মার্চ, ২০২৬, ২১:০২
পদ্মায় বাসডুবি: এখনো পানির নিচে ৪০ জন, ধারণা ফায়ার সার্ভিসের
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় হতাহতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এখনও প্রায় ৪০ জন যাত্রী পানির নিচে আটকা পড়ে থাকতে পারেন। এদিকে, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার কিছু পর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, রাত সাড়ে ৭টা পর্যন্ত একজন নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাদের ধারণা, অন্তত ৪০ জন যাত্রী এখনো পানির নিচে থাকতে পারেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধার অভিযানে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ও দুজন সহকারী ডুবুরি কাজ করছেন। পাশাপাশি পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে সক্রিয় রয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ঘাটে পৌঁছায়। তখন একটি ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ায় বাসটি পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি এসে পন্টুনে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD