Logo

‘আওলাদ-৭’ লঞ্চের রুট পারমিট স্থগিত, চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৫ মার্চ, ২০২৬, ২০:৫৫
‘আওলাদ-৭’ লঞ্চের রুট পারমিট স্থগিত, চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় লোহালিয়া নদীতে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এমভি আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট ও সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে বাউফলের বগা ইউনিয়নের বামনিকাঠী লঞ্চঘাটের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকাগামী থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাওয়া লঞ্চটি একটি তরমুজবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রলারটি ডুবে যায় এবং ঘুমন্ত অবস্থায় থাকা দুই শ্রমিক নিখোঁজ হন।

বিজ্ঞাপন

পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ দুই শ্রমিক—নাসির ফকির (৩৬) ও রেজাউল হাওলাদার (৩৫)-এর মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালীর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. জাকী শাহরিয়ার জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ’র কেন্দ্রীয় কার্যালয়ে জানানো হয়। এরপর কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে এমভি আওলাদ-৭ লঞ্চটির রুট পারমিট ও নির্ধারিত সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে লঞ্চটি ওই রুটে চলাচলের অনুমতি পাচ্ছে না। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তথ্য সংগ্রহ ও প্রাথমিক যাচাই-বাছাই চলছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় লঞ্চচালক ট্রলারটি সময়মতো দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি গঠনের ঘোষণা আসেনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD