Logo

ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, শুরু হয়েছে উদ্ধার অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৫ মার্চ, ২০২৬, ২০:৪৭
ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, শুরু হয়েছে উদ্ধার অভিযান
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন এলাকায় ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, স্থানীয় একটি ডুবুরি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে অবস্থান করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়।

তবে ঘাট সংশ্লিষ্টদের দাবি, ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি পন্টুনে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যেতে পারে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে তলিয়ে যাওয়ার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে দুইজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, একটি ফেরি ছেড়ে যাওয়ার পর বাসটি অন্য ফেরির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই একটি ছোট ফেরি এসে পন্টুনে ধাক্কা দিলে বাসটি নদীতে পড়ে যায়।

তিনি জানান, ঘটনাটি ঘটার সময় বাসে নারী ও শিশুসহ উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলেন এবং অনেকেই বাসের ভেতর আটকা পড়েন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এছাড়া অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম আরও জোরদার হবে।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর ঘাট এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD