Logo

রামগতিতে জমি দখলকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি, অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৭ মার্চ, ২০২৬, ১৫:৫৪
রামগতিতে জমি দখলকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি, অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
দীর্ঘদিন ধরে মো. জাবের উদ্দীনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ কারিমুল হকের বিরুদ্ধে।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৬ মার্চ ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিবিরহাট এলাকায় তিনু মিয়ার বাড়িতে বসবাসকারী কারিমুল হকসহ, রাজু, মনির, বাবর ও দিদারের বিরুদ্ধে অভিযোগ আনেন স্থানীয় বাসিন্দা মো. জাবের উদ্দীন।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে অভিযুক্ত কারিমুল হক। গত ২৬ মার্চ জমিতে মাটি কাটতে এলে বাধা দেন জমির মালিক জাবের উদ্দীন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা জনবল নিয়ে দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে মো. জাবের উদ্দীন গোপনীয়তা রক্ষা করে রামগতি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে একই দিন বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রামগতি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি ধারালো রামদা ও অন্যান্য প্রাণনাশক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে, যার মধ্যে কল চুরি, মোটর চুরি, সোলার প্যানেল চুরি ও লুটপাটের মতো ঘটনাও রয়েছে বলে দাবি করা হয়। এছাড়াও এলাকায় তাদের প্রভাব বিস্তারের কারণে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। ফলে বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছে।

বিজ্ঞাপন

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ভুক্তভোগী মো. জাবের উদ্দীন বলেন “আমি আমার নিজ জমিতে থাকতে পারছি না। তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমার এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে।” মো. জাবের উদ্দীন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD