৪০ যাত্রী নিয়ে উল্টে গেল আরও একটি বাস, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহন’এর একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।
পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে চিকিৎসা নিতে চলে যান।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। যাত্রীদের মধ্যে দুইজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঈদের ছুটি শেষে ভ্রমণরত যাত্রীদের সঙ্গে এই ধরনের দুর্ঘটনা উদ্বেগজনক। একইদিন রাঙ্গামাটিতেও প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে বাসটি উল্টে যায়।
বিজ্ঞাপন
নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে আসা এই বাসটিতে কয়েকজন গুরুতর আহত হন; একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।








