Logo

চুয়াডাঙ্গায় আ.লীগ কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা: ভিডিও ঘিরে তোলপাড়

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৭ মার্চ, ২০২৬, ১৭:১০
চুয়াডাঙ্গায় আ.লীগ কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা: ভিডিও ঘিরে তোলপাড়
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের পৌরসভা মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ ঘোষণা দেন। ভিডিওতে দেখা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচজন নেতাকর্মী ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে লেখা ছিল—‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়। উপস্থিতদের মধ্যে কয়েকজনের মাথায় হেলমেট ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ইমদাদুল হক সজলকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করতে শোনা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আবারও বুলডোজার দিয়ে ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এরপর থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

তিনি আরও জানান, ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD