Logo

বাসের বক্সে ৪৭টি ছাগলের মৃত্যু, জরিমানা সুপারভাইজার ও ব্যবসায়ীকে

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৯ মার্চ, ২০২৬, ১১:৩৮
বাসের বক্সে ৪৭টি ছাগলের মৃত্যু, জরিমানা সুপারভাইজার ও ব্যবসায়ীকে
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে ৪৭টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে মো. আবুল হাশেম এবং লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. খোকনের ছেলে মো. ফারুক। হাশেম বাসের সুপারভাইজার এবং ফারুক ছাগল ব্যবসায়ী।

ছাগল মৃত্যুর ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী ফারুক।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে ‘আনিন্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে ফারুকের ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। একই সঙ্গে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগলও বাসের বক্সে তোলা হয়। তবে ছাগলগুলোকে বাসের নিচের বক্সে গাদাগাদি করে রাখা হয়। দীর্ঘ পথযাত্রা ও তীব্র গরমে পর্যাপ্ত বাতাসের অভাবে শুক্রবার রাতে একপর্যায়ে দমবন্ধ হয়ে সবগুলো ছাগল মারা যায়।

ঘটনার পর ছাগলের মালিকের অভিযোগের মুখে পড়েন বাসচালক ও সুপারভাইজার। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ উভয় পক্ষকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ছাগল ব্যবসায়ী মো. ফারুক বলেন, “আমার বাবা লালমনিরহাটের হাতিবান্ধা থেকে ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠাচ্ছিলেন। বাসচালক ও সুপারভাইজারের দায়িত্বে অবহেলার কারণেই ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, গত দুই বছর ধরে তিনি এভাবেই বাসের বক্সে ছাগল পরিবহন করে আসছেন এবং প্রতি ছাগলের জন্য ভাড়া দিতে হয় ৩০০ টাকা।

বিজ্ঞাপন

বাসের সুপারভাইজার মো. আবুল হাশেম বলেন, “ফারুকের বাবার ৪৭টি ছাগল এবং নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। পথে ছাগলগুলো ভালোই ছিল। নোয়াখালীর চৌরাস্তায় ৮টি ছাগল নামানোর সময় দেখি সব ছাগল মৃত পড়ে আছে।”

সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, “প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজারকে ৫ হাজার এবং ছাগল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত হয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD