চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের ৭টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি ল্যান্ডমাইন সেনা সদস্যদের তৎপরতায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম এই মাইনগুলো নিষ্ক্রিয় করে। নিষ্ক্রয়ের সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
এর আগে ২৮ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের কৃষকরা জমি চাষ করার সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত ও উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় এক মাস পর এসব মাইন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থল মাইন পুঁতে রাখে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তত্ত্বাবধান করেন।








