Logo

শেরপুরে মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, ট্রাকচালকের দুই পা বিচ্ছিন্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
২৯ মার্চ, ২০২৬, ১১:১৯
শেরপুরে মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, ট্রাকচালকের দুই পা বিচ্ছিন্ন
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন মহাসড়কে ট্রাক ও কোচের চতুর্মুখী সংঘর্ষে এক ট্রাকচালকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন; তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) রাত আটটার দিকে একটি ট্রাক ইউ-টার্ন নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক গুরুতর আহত হন এবং তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ট্রাকের সহকারী (হেল্পার)ও আহত হন।

এর কিছুক্ষণ পর পেছন থেকে আরও একটি ট্রাক ও একটি যাত্রীবাহী কোচ এসে ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরে ক্ষতিগ্রস্ত তিনটি ট্রাক ও একটি কোচ রেকার দিয়ে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গুরুতর আহত চালক ও তাঁর সহকারীকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধারকাজে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, “আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD