ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষ, চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় ট্রাকের মালিক বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের বাসিন্দা লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তবে নিহত ট্রাকচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে থাকা অবস্থায় দ্রুতগতির মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আহত জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাচ্ছিলেন। গাড়ির চালকের নাম জানা নেই। তবে গাড়িটি আমার শ্বশুরের মালিকানাধীন। উনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় আনা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ, পাশাপাশি যানটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।








